মোঃ মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি:
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর অভিযানে দিনাজপুরের বিরল উপজেলায় ২টি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (সিও) মোহাম্মদ লতিফুল বারি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামে অভিযান চালায়। এ সময় মোঃ রাসেল ইসলামের বাড়ি থেকে একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরকারাবাদ গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে মালিকবিহীন অবস্থায় আরও একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির মোট ওজন প্রায় ২৫ কেজি ৬৭০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধারকৃত মূর্তি ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Post a Comment