পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ জনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ (১) ধারায় অভিযুক্তদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা করা হয়।
পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী জানান, শহরের ধুপিপাড়া ও সাবেপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম হাসান (৩২), আসিফ (২২), ফিরোজ (৩০), সাজেদুর রহমান (২৫), সাব্বির (৩০), মামুনুর রশিদ লিমন (৩৬) ও জাবেদ (২৮)-কে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment