রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় অপর এক সহযোগী পালিয়ে যায়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে রংপুরের মিঠাপুকুর থানার দুর্গাপুর ইউনিয়নের চিথলী দক্ষিণপাড়া এলাকায়, মিঠাপুকুর বাসস্ট্যান্ড ওভারপাস সংলগ্ন মহাসড়কে অভিযান চালানো হয়।
অভিযানকালে রংপুরের মডার্ন মোড় থেকে ছেড়ে আসা আশরাফি পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে আনোয়ার হোসেন (২১), পিতা—আইনুল ইসলাম, গ্রাম—চৌদ্দগড়ি, পোস্ট—নারায়নপুর, থানা—কচাকাটা, জেলা—কুড়িগ্রামকে আটক করা হয়। তবে অপর অভিযুক্ত কালাম মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বাসের বাম পাশের লকার থেকে পলিথিনে মোড়ানো স্কচটেপ দিয়ে প্যাঁচানো ৪টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলার ওজন ৫ কেজি করে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
এছাড়া মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ০৩/৬৩, তারিখ: ০২/০৩/২০২৬)।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment