ভারতে তেল পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা


দেশের জ্বালানি তেলের অবৈধ পাচার ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে ভারতে তেল পাচারের আশঙ্কা ঠেকাতে টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও কয়েক গুণ বাড়ানো হয়েছে।


শুক্রবার ( ৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।


তিনি জানান, বিজিবি সদর দপ্তর থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। সেই নির্দেশনার আলোকে হিলিসহ দিনাজপুর সেক্টরের আওতাধীন সব সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

সেক্টর কমান্ডার বলেন, দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।


বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা এবং ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক ওঠানামা চলছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে অধিক মুনাফার আশায় কিছু অসাধু চক্র সীমান্ত পথে তেল পাচারের চেষ্টা করতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। এর প্রেক্ষিতেই সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, অতীতেও বিভিন্ন সময় পাচারকারী চক্র সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচারের চেষ্টা করেছিল, তবে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় তাদের অনেক পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

দেশের সম্পদ রক্ষায় সীমান্তে এই কঠোর নজরদারি ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে কোনো ব্যক্তি বা চক্র জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget