মোঃগোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রথমে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও আগুন লাগলে তা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত। প্রশিক্ষণ প্রদান করেন নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহাদাৎ হোসেন।
প্রশিক্ষণে ফায়ার স্টেশন ইনচার্জ শাহাদাৎ হোসেন গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, একটি গ্যাস সিলিন্ডারের উৎপাদনের তারিখ থেকে মেয়াদ থাকে ১০ বছর এবং প্রতিটি সিলিন্ডারে উৎপাদনের তারিখ উল্লেখ থাকে। সিলিন্ডারের নল শক্ত হয়ে গেলে তা ব্যবহার না করা এবং রেগুলেটর প্রতি দুই বছর পরপর পরিবর্তন করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও জানান, ঘর বন্ধ অবস্থায় গ্যাস লিক হলে জানালা খুলে রাখতে হবে অথবা ভেন্টিলেটর ব্যবহার করতে হবে, যাতে গ্যাস জমে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি না করে।
প্রশিক্ষণে অগ্নিকাণ্ড ঘটলে তা দ্রুত নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশলও দেখানো হয়। গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে পাইপ কৌশলে ভাঁজ করে চেপে ধরা বা সিলিন্ডারের মুখ চেপে ধরলে আগুন নিভে যেতে পারে—এ বিষয়টি বাস্তবে প্রদর্শন করা হয়। এছাড়া বস্তা বা মোটা কাপড় ভিজিয়ে আগুন নেভানোর পদ্ধতি এবং ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের কৌশলও শেখানো হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, প্রতিটি বাড়িতে একটি করে ফায়ার এক্সটিংগুইশার রাখা উচিত, যার মূল্য প্রায় ২২০০ টাকা। পাশাপাশি কার্বন ডাই অক্সাইড (CO₂) ব্যবহার করে আগুন নেভানোর পদ্ধতিও তুলে ধরা হয়।
আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। কর্মকর্তারা জানান, সরকারি নিয়ম অনুযায়ী সংবাদ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামছুজ্জামান, উপজেলা প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, পুলিশের এসআই হাবিব , উপজেলা মহিলা আনসার কামরুন্নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা আশিক, রোভার স্কাউটের খোরশেদ ও তার দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া কমিউনিটি এনগেজমেন্ট মোবিলাইজেশন রেজিলিয়েন্স অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং (CEMRCB) রিভার প্রজেক্ট, এলজিইডির কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান (এফও) ও মাহফুজ আল নাদিব (সিএমই), স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে আগুন নেভানোর বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
Post a Comment