মোঃগোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করে দালাল মুক্ত ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দিয়েছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে তিনি আকস্মিকভাবে ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তিনি জরুরি বিভাগ, বহির্বিভাগ, শিশু বিভাগ, প্যাথলজি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় এমপি আনোয়ারুল ইসলাম হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের অ্যাম্বুলেন্সের লগবই, জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগের রোগী ভর্তির রেজিস্টার এবং বিভিন্ন জমা ভাউচারের রসিদ যাচাই করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “হাসপাতালে সবার আগে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। দালাল ও অপ্রয়োজনীয় ব্যক্তিদের উৎপাত বন্ধ করতে হবে। কোনো অবস্থাতেই রোগীদের চিকিৎসা সেবায় যেন বিঘ্ন না ঘটে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, হাসপাতালের পরিবেশ উন্নত ও সেবাবান্ধব করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ্য করে এমপি বলেন, হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলোর একটি তালিকা প্রস্তুত করতে। তিনি আশ্বস্ত করে বলেন, এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শন শেষে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, জনগণ যাতে সরকারি দপ্তর ও হাসপাতালে যথাযথ সেবা পায় তা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে।
Post a Comment