নাহিদা আক্তার লাকী, খুলনা প্রতিনিধি:
খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকায় ছুরিকাঘাতে সাব্বির নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন, স্বাধীন (পিতা: ফজলু) ও নিরব (পিতা: নাসির খান)। তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, গত ১৫ এপ্রিল একই উপজেলার মশিয়ালী গ্রামেও ছুরিকাঘাতে আরেক কিশোর আহত হওয়ার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। ধারাবাহিক এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তবে সাম্প্রতিক এই ছুরিকাঘাতের ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Post a Comment