ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্রসাধনী ও ৩শ কেজি বাসুমতি চাল জব্দ করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে উপজেলার মহিলা ডিগ্রি কলেজের পেছনে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
অভিযানে প্রায় ৩৫ প্রকারের বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং ৩০০ কেজি বাসুমতি চাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই বাসাটি ব্যবহার করে একটি চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় প্রসাধনী ও বাসুমতি চাল মজুদ ও বিপণন করে আসছিল। চক্রটি কুড়িগ্রাম সদরকে কেন্দ্র করে পরিচালিত হলেও ভূরুঙ্গামারীর ভোটহাট এবং কচাকাটা থানার মাদারগঞ্জ ও নারায়ণপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে এসব পণ্য দেশে প্রবেশ করানো হতো।
দীর্ঘদিনের গোপন নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ পণ্য জব্দ করা সম্ভব হলেও চক্রের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, বাড়ির মালিকের কাছ থেকে চোরাকারবারি চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে ভুরুঙ্গামারী সার্কেলের আওতাধীন থানা এলাকায় চোরাচালান ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

Post a Comment