চালু হওয়ার ১৫ ঘণ্টা পর ফের বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন


ডেক্স রিপোর্ট:

যান্ত্রিক ত্রুটির কারণে আবারো বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। উৎপাদনে ফেরার মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই নতুন করে সমস্যা দেখা দিয়েছে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে।


শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যায়।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত দুইজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বয়লারের টিউব ফেটে যাওয়ার ঘটনায় ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে কেন্দ্রটির সব ইউনিটের উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এর আগে, গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ৩ মিনিটে কয়লার সঙ্গে পাথর আসায় যান্ত্রিক ত্রুটিতে কেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়।

টানা ৪৮ ঘণ্টা মেরামতের পর শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে পুনরায় উৎপাদনে ফেরে ইউনিটটি। তবে উৎপাদন শুরুর অল্প সময়ের মধ্যেই নতুন করে যান্ত্রিক ত্রুটিতে আবারও বন্ধ হয়ে গেল বিদ্যুৎকেন্দ্রটি।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট। আর তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট। এর মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। আর ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ আছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget