উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী নিজ হাতে ঝাড়ু দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শহীদ মিনার চত্বর এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মসজিদুল হুদার সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানার মোড় ও গুনাইগাছ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। উদ্বোধনের অংশ হিসেবে এমপি সালেহী পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ঝাড়ু হাতে নিজে অংশ নেন।
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, অপারেশন থিয়েটার, প্রসূতি বিভাগ ও জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা অর্থ সম্পাদক জহুরুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী ও পরিচ্ছন্নতাকর্মীরা।
সংসদ সদস্য সালেহী বলেন, “পরিচ্ছন্ন ও বাসযোগ্য উলিপুর গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নাগরিকদের নিজ বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিচ্ছন্ন রাখার আহ্বান জানাচ্ছি। দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে টেকসই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত হবে।
উপজেলা বাসী এবং স্থানীয়রা এমপির এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, জনপ্রতিনিধির এমন সরাসরি অংশগ্রহণ মানুষকে পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝাতে সহায়ক হবে এবং অন্যদেরকেও উদ্দীপ্ত করবে।

Post a Comment