সাতক্ষীরায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: ভ্যানচালক নিহত, আটক ৪


সেলিম হোসেন, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে সংঘর্ষে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই রুহুল আমিন (৩৪), যার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম ও আহত রুহুল আমিন একই গ্রামের ছলেমান শেখের ছেলে। ইব্রাহিম পেশায় ভ্যানচালক ছিলেন। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা।

নিহতের স্ত্রী মেঘলা খাতুন জানান, পাশের মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। এ সময় প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুর ইসলাম ক্ষিপ্ত হয়ে তার স্বামী ইব্রাহিম ও ভাসুর রুহুল আমিনকে ছুরিকাঘাত করে।

পরে গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রুহুল আমিনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফারজানা রহমান জানান, হাসপাতালে আনার আগেই ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একই পরিবারের চারজনকে আটক করেছে।

আটকরা হলেন—আরিফুর ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), পিতা জামাল উদ্দিন (৬২) এবং মাতা শাহানারা খাতুন (৫৫)।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget