MK TV NEWS STATION (শেকড়ের সন্ধানে...)

Latest Post


রিপোর্ট - মো: সেলিম হোসেন

রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় মহাসড়কে যাত্রীদের সঙ্গে সংঘর্ষে জড়ানো হাইওয়ে পুলিশের পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গত ১৯ মার্চ সকালে এ ঘটনা ঘটে। পরে ৫ এপ্রিল ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

পুলিশ সূত্র জানায়, সড়কে যানজটকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় বিক্ষুব্ধ যাত্রীরা পুলিশ সদস্যদের মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্য পুলিশ সদস্য ও স্থানীয়রা এগিয়ে আসেন।

এ ঘটনায় বড়দরগা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শামিদুল্লাহ সরকারসহ পাঁচ সদস্যকে ২ এপ্রিল প্রত্যাহার করে জেলা হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। পাশাপাশি একজন সহকারী পুলিশ সুপারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনায় বাসচালক, হেলপারসহ অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


গোলাম মোস্তফা, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২০২২ সালের দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের পূর্ণবহাল না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা কলেজ মোড়ে ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধে জড়িতদের পুনর্বহাল করা হলে শিক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে। তারা অভিযুক্ত প্রধান শিক্ষকসহ মোট ৭ জন শিক্ষকের পূর্ণবহাল না করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম স্যামা, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, যুবদল আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

 


নাহিদা আক্তার লাকী:

বাগেরহাটের মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্সের দোহাই দিয়ে পাম্প থেকে তেল সংগ্রহ করে চড়া দামে বিক্রির অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) বিকেলে মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ধানসাগর ইউনিয়নের হানিফ তালুকদার (৩৫) কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খুলনা থেকে মোরেলগঞ্জে আসা একটি অ্যাম্বুলেন্স থেকে তেল নামিয়ে স্থানীয় এক মোটরসাইকেল চালকের কাছে বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন হানিফ তালুকদার। এ সময় তার বিরুদ্ধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৪ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

পরে একই আইনের ২০ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থবিরোধী ও অবৈধ কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার আমিরগঞ্জ এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, সাবেক কমান্ডার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলাউদ্দিনের গার্ড অফ অনার ছাড়াই জানাজা ও দাফন কাজ সম্পন্ন হয়েছেপরিবারের পক্ষ থেকে অসম্মতি থাকায় তাকে গার্ড অফ অনার ছাড়াই দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার ( এপ্রিল) ভোর ৫টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে পরিবার-পরিজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

এদিন বাদ জুম্মা জ্ঞানাঙ্কুর হাই স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টায় বেলাইচন্ডী ইউনিয়নের ব্রহ্মত্তর সোনা পুকুর মাঠে (জাকেরগঞ্জ) দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়

তার জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বস্তরের মানুষ অংশ নেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন

বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে


রবিউল ইসলাম, স্টাফ রির্পোটার:

রংপুরের পীরগাছা উপজেলার কৃতি সন্তান ও তরুণ আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদুল ইসলাম জিহাদ পাটোয়ারী ‘বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তার এই অর্জনে পীরগাছা উপজেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

গণ অধিকার পরিষদ (জিওপি)-এর ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব প্রদান করা হয়। গত বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সংগঠনের সভাপতি মো. নূরুল হক নূর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদন করা হয় এবং তার সদস্যপদ নিশ্চিত করা হয়।

অ্যাডভোকেট জিহাদ পাটোয়ারী পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম বুলবুলির ভিটা গ্রামের বাসিন্দা। তিনি মো. সিরাজুল ইসলাম পাটোয়ারীর সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও ন্যায়বিচারভিত্তিক বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদ, পীরগাছা উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

তার সহকর্মীরা জানান, জিহাদ পাটোয়ারী একজন মানবিক ও সংগ্রামী নেতা হিসেবে ইতোমধ্যে এলাকায় সুনাম অর্জন করেছেন। বিভিন্ন সময়ে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি আইনি সহায়তা প্রদানসহ নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।

কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট জিহাদ পাটোয়ারী বলেন, “এই দায়িত্ব আমার জন্য গর্বের, একইসঙ্গে বড় দায়বদ্ধতা। আমি সংগঠনের আদর্শ ধারণ করে আইনজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

এদিকে, তার এই সাফল্যে পীরগাছা উপজেলা গণ অধিকার পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, জিহাদ পাটোয়ারীর এই অর্জন ভবিষ্যতে পীরগাছার সুনাম আরও বৃদ্ধি করবে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
 

দিনাজপুরের পার্বতীপুরে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার বড়হিরপুরের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ সাদিউল ইসলাম (৩৮), গোবিন্দপুর গ্রামের প্রভাষ চন্দ্র রায়ের ছেলে দীপু চন্দ্র রায় (৩১) ।


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পার্বতীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


মোঃ সামসুল ইসলাম সামু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটেও তীব্র হয়ে উঠেছে পেট্রোল ও অকটেন সংকট। জ্বালানি তেলের এই অস্থির বাজারে বিকল্প পথ খুঁজছেন মোটরসাইকেল চালকরা। অধিক সাশ্রয়ী হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় এখন জনপ্রিয় হয়ে উঠছে ‘বাইক এলপিজি কনভারসেশন’। তবে এই পদ্ধতিতে খরচ কমলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

সরেজমিনে দেখা যায়, মোটরসাইকেলের মূল ইঞ্জিনের সাথে একটি বিশেষ এলপিজি কনভার্টার কিট এবং ছোট একটি গ্যাস সিলিন্ডার স্থাপন করা হচ্ছে। সাধারণত বাইকের পেছনের ক্যারিয়ারে বা বিশেষ বক্সে এই সিলিন্ডারটি বসানো থাকে। কিটটির মাধ্যমে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সরাসরি ইঞ্জিনে প্রবেশ করে দহন প্রক্রিয়া সম্পন্ন করে। জ্বালানি সংকটের এই সময়ে বাইক চালকরা তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চালক বলেন, "আমরা জানি এতে কিছুটা ঝুঁকি আছে, কিন্তু পেট্রোল পাওয়া যাচ্ছে না। আর পাওয়া গেলেও দাম অনেক বেশি। তাই ঝুঁকি থাকলেও এই সংকটের সময়ে বাইক সচল রাখতে এলপিজি ব্যবহার করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এর মাধ্যমেই এখন বাইক চালানো সম্ভব হচ্ছে।" 

তারা আরও জানান, এক লিটার পেট্রোলে যেখানে একটি বাইক ৫০-৬০ কিলোমিটার পথ চলতে পারে, সেখানে সমপরিমাণ এলপিজি গ্যাসে প্রায় ৮০-১০০ কিলোমিটার পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে। পেট্রোল বা অকটেনের তুলনায় এলপিজির দাম অনেক কম হওয়ায় প্রতিদিনের যাতায়াত খরচ অর্ধেকের নিচে নেমে এসেছে। সাশ্রয়ী হলেও এই রূপান্তর প্রক্রিয়াটি কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় মেকানিকরা কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই এসব কিট সংযোজন করছেন। নিম্নমানের সিলিন্ডার বা লিক হওয়া সংযোগ থেকে যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঝুঁকি থেকে যায়। এছাড়া দীর্ঘমেয়াদে বাইকের ইঞ্জিনের ওপর এর প্রভাব নিয়ে দ্বিমত রয়েছে।

অটোমোবাইল প্রকৌশলীদের মতে, বাইকগুলো মূলত তরল জ্বালানির জন্য ডিজাইন করা। অনুমোদনহীন কিট ব্যবহারের ফলে ইঞ্জিনের স্থায়িত্ব কমতে পারে। সরকার নির্ধারিত মানদণ্ড মেনে এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই রূপান্তর না করলে দুর্ঘটনার ঝুঁকি এড়ানো কঠিন। ঘোড়াঘাটের এই নতুন ট্রেন্ডটি যদি যথাযথ নীতিমালার আওতায় আসে এবং মানসম্মত কিট ব্যবহার নিশ্চিত করা যায়, তবে জ্বালানি সংকটের এই সময়ে এটি সাধারণ মানুষের জন্য একটি কার্যকর সমাধান হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

“জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? সাদাডা কত, লালডা কত?” গ্রামের এক দোকানিকে করা এই সরল প্রশ্নই বদলে দিয়েছে কুড়িগ্রামের তরুণ তাইজুল ইসলামের জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে তিনি এখন সবার কাছে পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঢাকডহর সরকারপাড়া গ্রামের বাসিন্দা ৩০ বছর বয়সী তাইজুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়া হয়নি তাঁর। ঢাকার বিভিন্ন নির্মাণাধীন ভবনে কাজের ফাঁকে শখের বসে তিনি ভিডিও তৈরি করেন।


গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের এলাকার নারায়ণপুর বাজারে জিলাপি বিক্রির একটি ভিডিও ধারণ করেন তিনি। ভিডিওতে তাঁর সহজ-সরল উপস্থাপনা এবং ‘সরকারি রেটে’ জিলাপির দাম জানতে চাওয়ার অভিনব ভঙ্গি দ্রুতই নেটিজেনদের দৃষ্টি কাড়ে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি প্রায় ৫৫ লাখ ভিউ পায়। যেখানে আগে তাঁর ফলোয়ার ছিল মাত্র ৬ হাজার, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজারেরও বেশি।


তবে এই ভাইরাল হওয়ার পর প্রতিক্রিয়া এসেছে দুই দিক থেকেই। অনেকেই তাঁর সরলতা ও আন্তরিকতাকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ করেছেন ট্রল ও ব্যঙ্গ। এ বিষয়ে তাইজুলের প্রতিক্রিয়া সরল—তিনি বলেন, তাঁর বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী, আর জীবনের কষ্ট ভুলতেই তিনি ভিডিও তৈরি করেন। নিজেকে পেশাদার সাংবাদিক দাবি না করলেও, চরাঞ্চলের মানুষের কথা তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর ভাষায়, “আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে। তবে আমি চাই আমাদের চরের মানুষের উন্নয়ন হোক।”


স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানও বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন। তিনি জানান, রাজমিস্ত্রির কাজ করা এই তরুণ ভিডিওর মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পাওয়ায় তিনি আনন্দিত।


ছয় ভাই-বোনের মধ্যে বড় তাইজুল ইসলাম এখন নতুন স্বপ্ন দেখছেন—এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করা এবং অবহেলিত চরাঞ্চলের মানুষের গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।


নাহিদা আক্তার লাকী, খুলনা প্রতিনিধি:

খুলনায় ৩ এপিবিএনের অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে হারানো ও চুরি হওয়া ৭০টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৬১ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় গঠিত এ ইউনিট তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, মোবাইল পুনরুদ্ধার এবং অনলাইন প্রতারণা প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এবং সহকারী পুলিশ সুপার মো. আলী নওয়াজের তত্ত্বাবধানে মার্চ ২০২৬ মাসজুড়ে বিভিন্ন থানায় দায়ের করা জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ও অর্থ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা আজ প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন অধিনায়ক।

এছাড়াও জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে প্রাপ্ত ১২৫টি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাপ্ত ১৩৫টি অভিযোগের সফল সমাধান করা হয়েছে। একই সময়ে একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং এক ভিকটিমকে উদ্ধারে প্রয়োজনীয় সাইবার তথ্য দিয়ে সহায়তা প্রদান করা হয়।

এছাড়া অনলাইন প্রতারণা ও সাইবার বুলিংয়ের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে অধিনায়ক বলেন, জনসাধারণের ইতিবাচক সহযোগিতা পেলে আরও বেশি ভুক্তভোগীকে দ্রুত আইনি সেবা দেওয়া সম্ভব হবে।

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget