কলারোয়ায় প্রেমের করুণ পরিণতি: আম বাগানে মিলল দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ


মোঃ সেলিম হোসেন, কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় প্রেয়সীর অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার মানসিক আঘাত সইতে না পেরে এক দাখিল পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১০ মে) ভোরে উপজেলার ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সামির হোসেন (১৭) ওই এলাকার মারুফ হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসা থেকে চলতি বছরের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে স্বাভাবিকভাবেই ঘুমাতে যায় সামির। তবে রোববার ভোরে পরিবারের সদস্যরা তাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের রাস্তার অপর পাশে একটি আম বাগানে গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, সামিরের সঙ্গে এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি পরিবারের অজান্তে নয়, বরং সামিরের অজান্তেই ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যায়। প্রিয় মানুষের বিচ্ছেদ মেনে নিতে না পেরে গভীর অভিমান ও মানসিক কষ্ট থেকেই সে আত্মহননের পথ বেছে নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত হয়নি।

নিহতের স্বজন ও স্থানীয়দের ভাষায়, যে বয়সে সামিরের ভবিষ্যৎ গড়ার কথা ছিল, সে বয়সেই একটি আবেগঘন সিদ্ধান্ত তার জীবন থামিয়ে দিল। তার মৃত্যুতে পরিবার, বন্ধুস্বজন এবং পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক।

সংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশি তৎপরতা চলছিল এবং পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন ছিল। এ ঘটনায় এলাকায় চরম বেদনার আবহ বিরাজ করছে।

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget