শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন, পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবড়া ইউনিয়নের ঢাকুলা পুরাতন ইউনিয়ন পরিষদ চত্বরে এ মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
ক্যাম্পেইনটি পরিচালনা করেন পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাঞ্জুর রশিদ। এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি ডা. সাদাৎ ইবনে মাসুদ (রকেট), সহ-সভাপতি ডা. ওয়াসিম আকরাম, সিনিয়র সহ-সভাপতি ডা. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. মিজানুর রহমান এবং ৬নং মোমিনপুর ইউনিয়নের সভাপতি ডা. সারোয়ার হোসেন (মিন্টু)।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ডায়াবেটিস পরীক্ষা, সর্দি-কাশি, হাঁপানি, প্রেসার পরিমাপসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এ সময় এলাকার সাধারণ মানুষ ব্যারিস্টার কামরুজ্জামানের সৌজন্যে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য তাকে আন্তরিক সাধুবাদ জানান। তারা বলেন, “ব্যারিস্টার কামরুজ্জামান মানুষের দুঃখ-কষ্ট বোঝেন এবং সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন। তার এমন মানবিক উদ্যোগ প্রমাণ করে তিনি একজন জনবান্ধব নেতা।
তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসন থেকে ব্যারিস্টার কামরুজ্জামানই যোগ্য প্রার্থী। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তার ভূমিকা বিবেচনা করে আমরা সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব।
মেডিকেল ক্যাম্পে মাঞ্জুর রশিদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে থেকে রাজনীতি করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও দিনাজপুর-৫ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের সৌজন্যে আজ এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেই মানুষগুলোর পাশে দাঁড়াতেই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিয়মিতভাবে মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ভবিষ্যতেও পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার মানুষের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Post a Comment